উপজেলার সংবাদজামালপুরসদর

নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

শহর প্রতিনিধি:
মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জামালপুর-ঢাকা রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে জামালপুর থেকে রাজধানীসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যে যাতায়াতকারী হাজারো সাধারণ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর জেলা বাস টার্মিনালে এসে ঢাকাগামীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বাস না পেয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
বুধবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর ও চালক-সহকারীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত ১০ টায় সংবাদ সম্মেলন করে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা দেয়।
অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা থাকতেই পারে। তবে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ জানান, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যব¯’া না নেওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস জানান, শ্রমিকদের কর্মবিরতি সাথে একাত্মতা ঘোষণা করেছে মালিক সমিতিও।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, এ বিষয়ে আমরা বাসচালকদের সঙ্গে কথা বলব। দ্রুত সময়ের মধ্যে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *