তিস্তা এক্সপ্রেসে হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু উদ্ধার, বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিল রেলওয়ে পুলিশ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ
ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া তিন বছরের এক শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রেলওয়ে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পার হওয়ার পর ট্রেনে দায়িত্ব পালনরত টিজি পুলিশ সদস্যরা দেখতে পান, একটি তিন বছরের শিশু তার অভিভাবকদের খুঁজে না পেয়ে কান্নাকাটি করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ট্রেনের স্টুয়ার্ড ও টিকিট পরীক্ষককে (টিটিই) জানানো হয়।
এরপর ট্রেনের বিভিন্ন বগিতে খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে একটি বগির শেষ প্রান্তে, দুই বগির মধ্যবর্তী স্থানে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান টিজি পুলিশ সদস্যরা। পরে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে নিয়ে যাওয়া হয়।
শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর জানা যায়, তার নাম রোজা মনি (৩)। তার বাবা রফিকুল ইসলাম এবং মা জুলেখা বেগম। তাদের স্থায়ী ঠিকানা ইসলামপুর থানার গংঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
পরে টিজি পুলিশ শিশুটিকে তার অভিভাবকদের কাছে নিরাপদে হস্তান্তরের বিষয়টি ভিডিও ধারণ করে রাখে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, “ট্রেনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন। পরে খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করা হয় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বাবা-মায়ের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।”
রেলওয়ে পুলিশের এ দ্রুত ও মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিশুটির পরিবার। নিরাপদে শিশুকে ফিরে পেয়ে বাবা-মা রেলওয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
