মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে ক্ষুব্ধ সাধারণ মানুষ, সৎ ও নিরপেক্ষ পুলিশিংয়ের প্রশংসা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ
ময়মনসিংহের মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলামকে ঘিরে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিজেদের স্বার্থসিদ্ধি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা পাওয়ার কারণেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে স্থানীয় বিভিন্ন মহলের দাবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি মোঃ কামরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। অন্যায় ও অপরাধের সঙ্গে আপস না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কারণে একটি মহল তার ওপর অসন্তুষ্ট হয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব হচ্ছে অপরাধী কিংবা প্রভাবশালী—সবার ক্ষেত্রে আইনের প্রয়োগ নিশ্চিত করা। সে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কর্মকর্তা কঠোর অবস্থান নিলে স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন হওয়া অস্বাভাবিক নয়। তবে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অপপ্রচারের মাধ্যমে নয়, যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য-প্রমাণসহ উপস্থাপন করাই দায়িত্বশীল নাগরিকের কাজ।
এদিকে ওসি মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা না চালানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ওসি মোঃ কামরুল ইসলাম নেত্রকোণা জেলার কৃতি সন্তান। দীর্ঘদিনের পুলিশি অভিজ্ঞতার আলোকে তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, বিচক্ষণতা ও পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করছেন বলে স্থানীয়দের অভিমত।
সচেতন মহল মনে করেন, মুক্তাগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে সত্য ও তথ্যনির্ভর বিষয়কে গুরুত্ব দেওয়াই সবার প্রত্যাশা।
