উপজেলার সংবাদজাতীয়জামালপুরসদর

ডেঙ্গু প্রতিরোধে জামালপুর রেলস্টেশনে সচেতনতামূলক প্রচার


জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে জামালপুর রেলস্টেশনে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রেলস্টেশন চত্বরে প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় ৩০ মিনিটব্যাপী এ সচেতনতামূলক প্রচার কার্যক্রম সকাল ১০টা পর্যন্ত চলে।
প্রচার কার্যক্রমে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত ও সামাজিকভাবে সচেতন থাকার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় জামালপুর রেলস্টেশনে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তাঁরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এদিকে জামালপুর রেলস্টেশন এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *