বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর” — এমপি বাবুল

জামালপুর প্রতিনিধি:
৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর। আমাদের আচার-আচরণ, জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাই আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে।”
তিনি বলেন, “আমরা যদি বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী করতে পারি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।”
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই অর্জনকে ধরে রাখা এখন সকল গণতন্ত্রকামী মানুষের দায়িত্ব। ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাই দলের প্রতিটি নেতাকর্মীকে সততা, শৃঙ্খলা, ত্যাগ এবং জনসেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
এমপি বাবুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং জনগণের প্রতি তাদের অঙ্গীকার বাস্তবায়নের ওপর।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মুন্জুর সন্ঞালনায় আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি ও সাবেক তিন বাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ
জনসমাবেশে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
