জামালপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
শহর প্রতিনিধি:
”রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এ আয়োজন করে।
এ উপলক্ষে রবিবার সকালে শহরের ভোকেশনাল মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন প্রমুখ।
এ সময় বক্তারা দেশকে স্বনির্ভর করতে রুপালি মৎস্য চাষের উপর জোর দেওয়ার পাশাপাশি মৎস্য উৎপাদন করে দেশের আমিষের চাহিদা মিটানোর কথা বলেন। পাশাপাশি মৎস্য রপ্তানি করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান।
পরে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
