আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪ দোকান

বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে মধ্যবাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রিপন মোদকের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার ওসি ও স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিপন মোদক জানান, আগুনে তাঁর দোকানের মালামাল, আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরবর্তীতে তদন্ত ও ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করা হবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। সরকারি পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *