জামালপুরে বিদ্যুৎ স্পর্শে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরে পৃথক দুটি স্থানের দেওয়ানগঞ্জে নিজ ঘরের বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে এবং মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০) এবং নিহত তায়িব মেলান্দহ উপজেলার দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বাঁচোতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এ ছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র তায়িব ক্লাসের মধ্যবর্তী বিরতির সময় বই শ্রেণিকক্ষে রেখে বাইরে খেলাধুলা করতে যায়। পরবর্তীতে মাদ্রাসা ছুটি হলে সে বইগুলো নিতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
