উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরমেলান্দহ

শিহাটা প্রীতি ফুটবল টুর্নামেন্টে জামালপুর একাদশের জয় খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে: সাবেক সচিব মঞ্জু

 
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিহাটা প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিহাটা গোমেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের জমজমাট খেলায় মহিরামকুল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে জামালপুর একাদশ।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি উপভোগ করেন মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শক। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত একমাত্র গোলটি করে বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে জামালপুর একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তাই সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এমন ক্রীড়া আয়োজন আরও বেশি করা প্রয়োজন।”
তিনি বলেন, মাঠে খেলাধুলার চর্চা বাড়লে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি হবে। স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতেও নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন চিশতী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান, ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব আলী মন্ডল, ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ হীরা, ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার এবং কৃষক নেতা মমিনুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা। আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
স্থানীয়রা জানান, শিহাটা প্রীতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নিয়মিত এমন আয়োজন হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশের পাশাপাশি যুবসমাজের মধ্যে ইতিবাচক মানসিকতা ও সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *