পুলিশের সাহসী ভূমিকায় মেলান্দহে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে বাধা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় আসামি ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেন। এনামুল হক (২৮) ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে এবং একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।
অভিযানের সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেন এবং একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। তারা আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। অভিযানে থাকা আরও তিন পুলিশ সদস্যও আহত হন।
পরিস্থিতি সামাল দিয়ে পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখেন। পরে এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি এনামুলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা ও বাধার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশের দায়িত্বশীল ও সাহসী ভূমিকার কারণে বাধা ও প্রতিকূলতার মধ্যেও পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
