উপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশিগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে রোববার দুপুর ১২ টায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে এক অসহায় নারী।

সংবাদ সম্মেলনে মর্জিনা বেগম বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি ক্রয় করেন। যার দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) তার নামে নামজারী করে দেন। তার নামে ক্রয়কৃত জমির কাগজপত্র থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন , মনিরুজ্জামান ও তাদের আত্মীয় স্বজনরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছেন। তিনি তার ক্রয়কৃত জমিতে যেতে চাইলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি প্রদান করেন তারা। বর্তমানে তিনি স্বামীসহ ৬ সন্তান নিয়ে তার বাবার বাড়ি শ্রীবরদীতে বসবাস করছেন।
তিনি দখলদারের হাত থেকে জমিটি উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মর্জিনা বেগমের স্বামী ও সন্তানরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান জানান, ওই জমিতে আমাদের অংশ রয়েছে তাই আমরা জমিতে চাষাবাদ করি। চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *