আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এবং জামালপুর-টাঙ্গাইল সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। শনিবার ভোর ৬টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে এবং শুক্রবার রাতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মনসুর আকন্দের ছেলে ট্রাকচালক জুয়েল আকন্দ কালু (৪৫), বকশিগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার নুর ইসলামের ছেলে শাওন ইসলাম ও মাধুর বাজার এলাকার মৃত মুছা খানের ছেলে আনছু খান ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক পরিষ্কার করছিলেন জুয়েল আকন্দ কালু। এ সময় ময়মনসিংহ অভিমুখী অন্য একটি ডাম্প ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে জুয়েল আকন্দ ঘটনাস্থলেই মারা যান। এতে ওই ট্রাকের চালকসহ তিনজন আহত হন।

এ দুর্ঘটনার জন্য সড়কে জ্যাম তৈরি হলে দ্রুতগতির ময়মনসিংহগামী এক মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাওন মিয়া নিহত হন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনায় দুইজন মারা যায় এবং আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সদর থানার এসআই সাদেকুজ্জামান ভূঞা জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক আটক করেছে পুলিশ।

তিনি আরো জানান, এর আগে শুক্রবার রাতে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলিতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন আনছু খান নামে এক ব্যবসায়ী। নিহত আনছু খান স্থানীয় মাধুর বাজার এলাকার মৃত মুছা খানের ছেলে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *