জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এ উপলক্ষে জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
বুধবার সকালে স্বাধীনতা দিবসের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শহরের দয়াময়ী এলাকায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জেলা প্রশাসক হাছিনা বেগম পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ ছাড়াও সাংবাদিকদের সংগঠন জামালপুর প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর নাগরিক ভয়েস, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়। মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসন বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
