বকশিগঞ্জে ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আনিছুজ্জামান গামার সাথে অশালীন আচরণের পর সেটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ওসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বকশিগঞ্জ বাজার বাসস্টান্ডে বকশিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বকশিগঞ্জ পৌর বিএনপির সদস্য ভাটি সাইফুল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রাশিদুজ্জাম সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবীর ও বাট্টাজোড় স্বেচ্ছসেবকদলের সভাপতি তানজিল টুটুল।
এসময় বক্তারা বকশিগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আনিছুজ্জামান গামার সাথে অশালীন আচরণকারী বকশিগঞ্জ থানার ওসি শাকের আহাম্মেদের প্রত্যাহারের দাবি জানান। ওসিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে বক্তারা বলেন, ওসি শাকের আহাম্মেদকে ৪৮ ঘন্টার মধ্যে প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
উল্লেখ্য, থানায় মামলা না নেওয়ায় ওসিকে চাকরি ছেড়ে দিতে বলেন বিএনপি নেতা আনিসুজ্জামান গামা। এ নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৫ সেকেন্ডের অডিও রেকর্ডটিতে বিএনপি নেতা আনিসুজ্জামান গামা এবং ওসি শাকের আহাম্মেদ এর তর্কবির্র্তকে বিএনপি নেতা আনিসুজ্জামান গামা ওসিকে বলেন, আপনি আরেকজনের কথায় মামলা নেবেন না, মানে আপনি স্বৈরাচারের দোসর। আপনি কেন মামলা নিলেন না?
জবাবে ওসি শাকের আহাম্মেদ বলেন, ‘আপনাদের নিজেদের দলের লোক একজন বলবে মামলা না নিতে, আপনি বলবেন মামলা নিতে, তাহলে আমি কীভাবে মামলা নিব? এটা মামলা নেওয়ার মতো ঘটনা না, এটা ৩২৩-এর ঘটনা।’
বিএনপি নেতা গামা বলেন, ‘৩২৩ ধারায় মামলা নেবেন।’
ওসি বলেন, ‘৩২৩-এ মামলা হয়? আপনি তো পিপি, আইন ভালো জানেন, আপনি কোর্টে মামলা করিয়ে দেন।’
বিএনপি নেতা গামা বলেন, ‘আপনি মামলা না নিয়ে ঘুরালেন কেন? আপনি পারবেন না, আপনি বেতন নেন কেন, তাহলে আপনি রিজাইন দেন।’
ওসি বলেন, ‘আপনি সরকারি কাজ করতাছেন আমি কেন রিজাইন দেব? আপনিও রিজাইন দেন। আপনি আওয়ামী লীগের লোকজনকে বিএনপি বানিয়ে জামিন করিয়ে নিচ্ছেন। আপনি তো বিএনপির নাম ভাঙিয়ে বাণিজ্য করে যাচ্ছেন। ওই মিয়া আমাকে হুমকি দিয়েন না, আমি আপনারে ডরাই না, ওই মিয়া আপনে কেডা, ওই মিয়া আপনেরে কি আমি ভয় পাই’
এ সময় বিএনপি নেতা গামা বলেন, ‘আমি সরকারের পিপি, আমি বিএনপির পিপি না, আমি বিএনপির গোলাম না।’
এর আগে গত ২৭ এপ্রিল উপজেলা স্বে”ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বাদী হয়ে থানায় ১৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২৬ এপ্রিল রাত ৯টার দিকে পৌর শহরের বটতলা মোড় এলাকায় বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বাদশা ও তাঁর ছেলে সোহেল রানাসহ অজ্ঞাত ১০-১৫ জনকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বকশিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ধরে গালিগালাজ করতে দেখেন। এতে প্রতিবাদ করলে তাঁকেও গালিগালাজ করেন তাঁরা। একপর্যায়ে তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারতে থাকেন। এ ছাড়া তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
আশিকুর রহমান তুলনের থানায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে রুজু না করায় ক্ষুব্ধ হয়ে বকশিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামা গত ২৮ এপ্রিল রাতে বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। কথা বলার একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। ওসি ও বিএনপি নেতার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
