সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে পণ্যবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় অঙ্কন মিয়া (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৬টার দিকে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অঙ্কন মিয়া জামালপুর সদন উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া টিউবওয়েলপাড় এলাকার মো. হুমায়ুনের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে পণ্যবোঝাই একটি ট্রাক শহরের বাইপাস দিয়ে ঢাকায় যাচ্ছিল। ঠিক ওই ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে আসছিল অঙ্কন মিয়া। এ সময় মোটরসাইকেল ট্রাকটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্কন মিয়া ট্রাকের সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত অঙ্কন মিয়ার মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকিন জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
