জামালপুরে জুলাই শহীদ জাহিদ এর কবর জিয়ারত করেন জামায়াতের এমপি প্রার্থী আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুর সদর আসনের জামায়াতে ইসলামী ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার জুলাই বিপ্লবের বীর শহীদ জাহিদুল হাসানের কবর জিয়ারত করেন।
আজ জামালপুর সদর উপজেলার দিকপাত ইউনিয়নের চানপুর গ্রামে শহীদের নিজ বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাওলানা আব্দুস সাত্তার শহীদ জাহিদুলের পিতা জিয়াউল হক ও মাতা জাহানারা বেগমকে সান্ত্বনা দেন এবং ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
এরপর তিনি শহীদের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১ জুন জন্মগ্রহণ করা জাহিদুল হাসান গত ৫ আগস্ট ঢাকার উত্তরা রাজলক্ষ্মী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।
পরিবারের সদস্যদের সাথে আলাপকালে মাওলানা আব্দুস সাত্তার বলেন, “মাত্র ১৬ বছর বয়সে জাহিদুল দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৫ই আগস্টের বিজয়ে জাহিদুলের মতো তরুণদের রক্ত মিশে আছে। এই রক্ত বৃথা যেতে পারে না। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে শহীদ জাহিদুলের স্বপ্ন বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সব সময় এই বীর সন্তানদের পরিবারের পাশে থাকবে। যারা আমাদের সন্তানদের কেড়ে নিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।”
কবর জিয়ারতের সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং দিকপাত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
