সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃরুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে র্যাব-১৪’র মাদকবিরোধী অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪, ময়মনসিংহ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, টাঙ্গাইল জেলার আল আমিন (৩৮) নামের এক মাদক কারবারি বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সরিষাবাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে মজুদ করে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির খাটের নিচে পাটের বস্তার ভিতর থেকে ৬৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এসময় ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আল আমিনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় দায়েরকৃত একাধিক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে জামালপুরের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, ময়মনসিংহ জানিয়েছে, জনস্বার্থে ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
