উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের ঘোষেরপাড়া ইউনিয়নে এমএসপি অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলার ৯নং ঘোষেরপাড়া ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে Climate Action at Local Level (CALL) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামালপুর উন্নয়ন সংঘের CALL প্রকল্পের মেলান্দহ উপজেলা ম্যানেজার সুলতানা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের CALL প্রকল্পের ফিল্ড অর্গানাইজার (এফও)আরিফা আক্তার লাজু সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, কৃষক প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অন্যান্য অঞ্চলের মতো জামালপুরেও কৃষি, পরিবেশ ও জনজীবনে নানামুখী নেতিবাচক প্রভাব পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের কোনো বিকল্প নেই।

সভায় স্থানীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল কৃষি সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ের সকল অংশীজনকে আরও সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি)-এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভার শেষাংশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন সুপারিশ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *