উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ডিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জেলার পৃথক দুটি অভিযানে ১৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়।
রোববার (১২ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জামালপুর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১ ও ডিবি-২) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ICONIQ WHITE Finest International Grain Whisky (৩৭৫ মিলি) এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে ডিবি-১-এর একটি আভিযানিক দল জামালপুর সদর থানার ডাকপাড়া এলাকায় পিএনজেড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ নূর আলম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. শাহজাহান ও এসআই (নিরস্ত্র) মো. সোহাগ রানা।
একই সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম, পিপিএম-এর তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি দল বকশীগঞ্জ উপজেলার উত্তর দত্তেরচর এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তিনজন কথিত মাদক কারবারিকে আটক করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
জামালপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে। নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় সহযোগিতা ও তথ্য প্রদানেরও আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *