ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ও ন্যায়ের পথে থাকার আহ্বান মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির
নিজস্ব প্রতিবেদক:
“কোনো প্রকার ঘুষ বাণিজ্য চলবে না, দুর্নীতি চলবে না। অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।”— এমন দৃঢ় বার্তা দিয়েছেন জামালপুরের মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার।
বুধবার (১৫ জুলাই) চর গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, শুভাকাঙ্ক্ষী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের নেতা ও সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল একজন সৎ, আদর্শবান, সাদাসিধে, মানবিক ও নীতিবান মানুষ। তাঁর নেতৃত্বে কেউ যদি অন্যায়, দুর্নীতি, ঘুষ বাণিজ্য বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন, ন্যায় ও দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তৈয়বুর রহমান মাস্টার আরও বলেন, “আমরা মানুষের আস্থা ও বিশ্বাসকে সমুন্নত রাখতে চাই। জনগণের কল্যাণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়ের পক্ষে থেকে কাজ করাই আমাদের অঙ্গীকার। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা সততা ও নৈতিকতার ভিত্তিতে জনগণের পাশে থেকে কাজ করে যাব।”
সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বক্তব্যকে স্বাগত জানান এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবামূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে তাদের মূল লক্ষ্য।
