জামালপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় চাঞ্চল্যকর ক্লুলেস ইজিবাইক চালক আঃ কাদের @ মধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ইজিবাইক ছিনতাইকারী মোঃ নান্নু মিয়া @ নান্দু‘কে গ্রেফতার করেছে জামালপুর র্যাব -১৪। শনিবার (২৩ ডিসেম্বর) ১২ : ০৫ মিনিটে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা থেকে তাকে গ্রেফতার করা হয় । কাওসার আহমেদ @নান্দু মিয়া @নান্নু মিয়া @হান্নান মিয়া চর ধানাটা এলাকার মরহুম মজিবর রহমান মুন্সির ছেলে।
খোজ নিয়ে জানা যায় , সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামের অটো চালক আঃ কাদের@মধু(৩৮) তার বাড়ী থেকে জীবিকার তাগিদে প্রতিদিনের ন্যায় ২০২৩ সালের ২৩ অক্টোবর বের হয় । পরদিন ২৪ অক্টোবর চাপারকোনা ঝিনাই নদীর পশ্চিম কিনারায় একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় এলাকাবাসী । পরে পুলিশ লাশটি উদ্ধার করলে নিহতের ভাতিজা রাসেল অটো চালক আঃ কাদের@মধু(৩৮) এর লাশ বলে সনাক্ত করে । হত্যা করে নিহতের মোবাইল ও অটো অজ্ঞাতনামা ব্যক্তিরা নিয়ে যায় বলে দাবী করে নিহতের ভাতিজা রাসেল(৩৩) বাদী হয়ে ৩০২/২০১/৩৭৯/৩৪ দঃ বি ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন । সরিষাবাড়ী থানার মামলা নং-১৬, তারিখ : ২৬-১০-২০২৩ ইং ।এই হত্যাকান্ড নিয়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই জামালপুর ক্যাম্পের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন এবং ছায়া তদন্ত শুরু করেন। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে নান্দুর চিহ্নিত এবং অবস্থান নিশ্চিত করে শনিবার রাত ১২:০৫ মিনিটে জামালপুর র্যাব ১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর এলাকার অভিযান পরিচালনা করে মোঃ নান্নু মিয়া নান্দু (৫০) গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করা হয়৷
র্যাব আরো জানায়, মোঃ নান্নু মিয়াকে জিজ্ঞাসাবাদ ও আনুষাঙ্গিক তথ্য প্রমানে বরিশাল জেলার রাকিব ও সোহেল, নারায়নগঞ্জ জেলার রাজু, শরিয়তপুর জেলার হালিম এবং জামালপুর জেলার সরিষাবাড়ী থানার লিটন ঘটনার আগের দিন স্থানীয় একটি হোটেলে অবস্থান করে এবং ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন ভিকটিম মৃত আঃ কাদের এর ইজিবাইকে টার্গেট করে যাত্রীবেশে তার ইজিবাইকে উঠে। পরবর্তীতে, রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ঝিনাই নদীর পশ্চিম পাশে চাপারকোনা পোষ্ট অফিসের সামনে পৌছালে উল্লেখিত আসামীরা মিলে ধস্তাধস্তির একপর্যায়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ইজিবাইকটি নিয়ে বরিশাল এলাকায় বিক্রয় করে। ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছেন। ২৩ ডিসেম্বর দুপুরে নান্দু মিয়াকে জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
একাধিক নির্ভর সুত্রে জানা যায়, নান্নু মিয়া সম্প্রতি ২৫ লক্ষ টাকার জমি ক্রয় করেছে। তা ছাড়াও চর হরিপুর এলাকায় প্রায় ১০/১৫ বিঘা জমি ক্রয় করেছে৷ চোরাকারবারী কাজে দীর্ঘদিন ধরে যুক্ত থাকায় তিনি প্রায় কোটি টাকার মালিক হয়ে গেছেন।
জামালপুর র্যাব ১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আবরার ফয়সাল সাদী জানান, নান্নু মিয়াকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
