সরিষাবাড়ীতে নৌকা- ঈগলের সমর্থকদের সংঘর্ষ আহত ৫ বিচারের দাবীতে রাস্তা অবরোধ
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতিকের ডা: মুরাদ হাসানের ৫ সমর্থককে আহত করেছে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকরা। বৃহস্পতিবার(৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় নৌকার মিছিল বাসস্ট্যান্ড এলাকায় যান। পরে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ এর নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাছানের ঈগলের প্রতিকের প্রধান নির্বাচনী এজেন্টের নির্বাচনী ক্যাম্পের সামনে গিয়ে নৌকা নৌকা স্লোগান দিয়ে নাচানাচি করতে থাকে।পরে ইগলের প্রতিকের সমর্থকদের ওপর হামলা করে । হামলায় পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল(৩৫) , দিলখুশ (৩৫), রিপন(৩০) সহ ৫ জন আহত হয়৷ এর পরেই প্রায় শতাধিক নারী ও মুরাদের সমর্থকরা বিচারের দাবীতে প্রায় ৪০ মিনিট রাস্তা অবরোধ করে। রাত ৮:২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল অভিযোগ করে জানান, আমাদের নির্বাচন ক্যাম্পের সামনে রাস্তায় নৌকার মিছিল দেখে আমি আমাদের কর্মীদের ভিতরে সরিয়ে দিয়ে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় নৌকার প্রার্থীর ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, মির্জাল, নুরুল, জহুরুল সহ কয়েকজন টেনে রাস্তায় নিয়ে আসে এবং আমার ওপর হামলা করে আহত করে এবং অফিস ভাংচুর করে। আমাকে বাচাতে গিয়ে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আমি এর বিচার চাই। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে ঘটনার বিষয়ে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে একাধিকবার কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
