আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু’র জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্ভীক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু’র জামিন বাতিলের দাবিতে সোমবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আসামি মাহমুদুল আলম বাবু’র জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বকশিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক নাদিমের সহধর্মিনী মনিরা বেগম ও কন্যা রাব্বিলাতুল জান্নাত।

এছাড়াও মানববন্ধনে বকশিগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মাসুদ উল হাসান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, আফজাল শরীফ, মাহাবুর রহমান ময়ুর, শাহনাজ পারভীন, উৎপল মহন্ত, লিয়াকত হোসেন বাবুল, মোয়াজ্জেম হোসেন, মনির হোসেন, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী বকশিগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু’র জামিন বাতিলের দাবীসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও তার পুত্র ফাহিম ফয়সাল রিফাতকে গ্রেপ্তারের দাবী জানান। এ ছাড়াও হত্যার আড়ালে যারা ছিলেন সুষ্ঠতদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন।

উল্লেখ্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু’র জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রবিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান, জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার এক নম্বর আসামি মাহমুদুল আলম বাবুকে রুল অ্যাবসুলেট করে জামিন দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে আপিল আবেদন করার জন্য নোট দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, এর আগে গত ৮ মে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার এক নম্বর আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাকে কেন জামিন দেওয়া হবে না সেই প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেছিলেন। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে এই রায় দেন আদালত। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

গত বছরের ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ উপজেলা সদরের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান (বহিস্কৃত) মাহমুদল আলম বাবু’র নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে ব্যাপক মারধর ও ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন’২০২৩ ইং বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ১৬ জুন দুই দফা জানাজার পর বকশিগঞ্জের গুমেরচর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক নাদিমকে।

এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ১৭ জুন’২০২৩ ইং বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা তদন্ত কাজ প্রথমে বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে হস্তান্তর করা হয়। এখন সিআইডি এ মামলার তদন্ত কাজ করছেন।
গোলাম রাব্বানী নাদিম সাপ্তাহিক বকশিগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *