মেলান্দহে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের সাজা মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুরের মেলান্দহে মাদক সেবনের দায়ে মোঃ নূরুল ইসলাম নুরুল (৬০) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের পশ্চিম থুরি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) দুপুরে আদ্রা ইউনিয়নে থুরী কুঠের বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় মেলান্দহ থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। তাহলেই একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
মেলান্দহ থানা পুলিশের এমন কার্যকর পদক্ষেপ ও উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
