আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

বউকে ঘরে তুলতে দেশে ফেরা লিবিয়া প্রবাসীর রহস্যজনক মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধিঃ মোঃ মানিক ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ খানবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা ও লিবিয়া প্রবাসী মামুন শেখ (২৬)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রবাসে থাকা অবস্থায় মামুন শেখ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের দক্ষিণ জামথল ছুনছুর মোড় এলাকার দুলাল মিয়ার মেয়ে সীমা আক্তারকে বিয়ে করেন। সম্প্রতি স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে নিয়ে যেতে প্রায় ১৫ দিন আগে দেশে ফেরেন তিনি। তবে অভিযোগ রয়েছে, মেয়ের পরিবার বিভিন্ন অজুহাতে সীমাকে স্বামীর কাছে তুলে দিতে গড়িমসি করছিল।
স্বজনদের ভাষ্য, শুক্রবার মামুন শেখ স্ত্রীকে নিয়ে মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোডসহ বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলের দিকে শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যার পর শ্বশুরবাড়ির পক্ষ থেকে ফোন করে জানানো হয়, মামুন বিষপান করে মারা গেছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
মামুনের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়; পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে দাবি পরিবারের। তাদের কাউকে না পাওয়ায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “ঘটনাস্থল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওতাভুক্ত। ফলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের এখতিয়ার সারিয়াকান্দি থানার। মাদারগঞ্জ থানার আইনগতভাবে করার কিছু নেই।”
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *