উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নিরপেক্ষ শাসন, স্বচ্ছতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে হলে সরকারকে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে এবং অগণতান্ত্রিক রাজনীতির কোনো সুযোগ থাকবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে এমপি বাবুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি। জনগণের আস্থা অর্জন করতে হলে দায়িত্বশীল নেতৃত্বকে ন্যায়ভিত্তিক ও নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে, আইনের শাসন নিশ্চিত করতে পারে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করে, তাহলে অতীতের ব্যর্থ রাজনীতির পুনরাবৃত্তির কোনো সুযোগ সৃষ্টি হবে না।
এমপি বাবুল গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *