আলোচিতউপজেলার সংবাদমাদারগঞ্জ

তেলের দাম বাড়ার পর মাদারগঞ্জে অতিরিক্ত ১ টাকা নেওয়া নিয়ে প্রশ্ন, যা বললেন পাম্প ম্যানেজার

মাদারগঞ্জ প্রতিনিধি, মোঃ মানিক ইসলাম:

জ্বালানি তেলের দাম বাড়ার পর জামালপুরের মাদারগঞ্জে লাবনী ফিলিং স্টেশনে প্রতি লিটারে অতিরিক্ত ১ টাকা নেওয়া হচ্ছে—এমন অভিযোগ ও প্রশ্ন তুলেছেন তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক।

সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে লাবনী ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালকের অভিযোগ, নির্ধারিত দামের পাশাপাশি প্রতি লিটারে আরও ১ টাকা করে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

এক মোটরসাইকেল চালক বলেন, “এমনিতেই তেলের দাম বেড়েছে, তার ওপর আবার এক টাকা। এক টাকা হয়তো বড় কথা না। কিন্তু প্রতিদিন এক টাকা করে নিলেও তো অনেক টাকা হয়। তাই এই অতিরিক্ত এক টাকা কেন নেওয়া হচ্ছে, সেটা পরিষ্কার হওয়া দরকার।”

আরেক চালক বলেন, তেলের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। তাই পাম্পে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হলে সেটি কী কারণে নেওয়া হচ্ছে এবং এর কোনো অনুমোদন আছে কি না—তা গ্রাহকদের জানানো উচিত।

এ বিষয়ে লাবনী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রাজু বলেন, “গাড়ি ভাড়ার জন্য এই অতিরিক্ত এক টাকা নেওয়া হচ্ছে। এটি শুধু মাদারগঞ্জে নয়, সারা বাংলাদেশেই নেওয়া হচ্ছে।”

তবে ম্যানেজারের বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা অতিরিক্ত ১ টাকা নেওয়ার সরকারি কোনো নির্দেশনা রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ফলে বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে আরও প্রশ্ন দেখা দিয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব নিয়ে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। নতুন দামে জ্বালানি বিক্রি শুরুর পর পরিবহন ব্যয় ও অন্যান্য খরচ বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছেন ভোক্তারা।

স্থানীয় গ্রাহকদের দাবি, পাম্পে জ্বালানি তেলের সরকার নির্ধারিত মূল্য ও অতিরিক্ত ১ টাকা নেওয়ার কারণ স্পষ্টভাবে প্রদর্শন করা হলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি থাকবে না। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *