ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুল হাসান, শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম কর্মদক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
কর্মদক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মো. কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ সভায় তাঁদের হাতে এ স্বীকৃতি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবাসহ রেঞ্জের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পুলিশ কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দায়িত্বশীলতা ও পেশাগত কর্মস্পৃহা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পুরস্কার শুধু সম্মান নয়; এটি দায়িত্ববোধকে আরও দৃঢ় করে এবং ভালো কাজের প্রতি কর্মস্পৃহা বাড়ায়। এ অর্জন তিনি ধোবাউড়া থানার সব সহকর্মীর প্রতি উৎসর্গ করেন।
তিনি বলেন, জনসেবায় আরও নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করাই তাঁদের লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ধোবাউড়া থানা ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যাবে।
পুলিশের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকতা ও পেশাদারিত্ব বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
